যশোর অফিস
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন। তিনি স্থানীয় জনগণকে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শুক্রবার সকালে যশোরের চাঁচড়া আরএইচডি-রাজগঞ্জ জিসি সড়কের সংস্কার ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ঠিকাদারদের সহযোগিতা করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করার ব্যাপারেও এলাকাবাসীকে সজাগ থাকতে হবে। এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে তিনি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা চাঁচড়া আরএইচডি-রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ফজলুল আলম উপস্থিত ছিলেন।



