পিরোজপুরের কাউখালীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামকে (৬০) কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শিয়ালকাঠি ইউনিয়নের সিএনবি রোডের ব্রিজের ঢালে মাদরাসার সামনে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানায় এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ নম্বর শিয়ালকাঠী ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, শিয়ালকাঠি ইউনিয়নের সিএনবি রোডের ব্রিজের ঢালে মাদরাসার সামনে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানায় ছোট একটি খালের উপরে সাঁকো দিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারিরা নিরাপদ আশ্রয়ে মাদক বিক্রি করতো। এ কারণে ইউপি সদস্য উক্ত সাঁকোটি উঠিয়ে দেন। কিন্তু মাদক কারবারিরা সাঁকোটি আবার পুনরায় দেন। শুক্রবার রাতে ইউপি সদস্য নজরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাবার পথে উক্ত স্থানে মাদকদ্রব্য বেচা কেনার প্রতিবাদ করলে এ নিয়ে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জিবগা সাতুরিয়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে ফেরদৌস, মাহবুব হোসেন ও শিয়ালকাঠী গ্রামের মোস্তফা হোসেনের ছেলে শাহিন রামদা দিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে মারাত্মক জখম করে তার কাছে থাকা নগদ আনুমানিক ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। এ সময় ডাকচিৎকার শুনে এলাকাবাসী এসে মাদক কারবারি ফেরদৌসকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মারাত্মক আহত অবস্থায় নজরুল ইসলামকে কাউখালী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত নজরুল ইসলামের বড় ভাই আহসানুল ইসলাম বাদি হয়ে কাউখালী থানায় মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। মূল আসামি ফেরদৌসকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।



