মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৫ মে) উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দুলাল মিয়া মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার নাজিম উদ্দিনের ছেলে ট্রাকচালক শামীম মিয়া (২৮), তার সহকারী ময়মনসিংহ কোতোয়ালীর মোদারপুর এলাকার সফির উদ্দিনের ছেলে শাহিন মিয়া (২৫) ও মদন পৌর সদরের মনোহরপুর গ্রামের মরহুম নূরুল আওয়ালের ছেলে চাল ক্রয়কারী এনামূল হক আনার মিয়া।
শুক্রবার বিকেলে ট্রাকচালক শামীম মিয়া ও তার সহযোগী শাহীন মিয়াকে নেত্রকোনা কোর্টহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) রাতে জেলার মদন উপজেলা খাদ্যগুদাম থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। ট্রাকটিতে প্রায় ২০ টন চাল ছিল। সরকারি সিলমোহরযুক্ত এসব চাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার তালুকদার রাইস মিলে নেয়া হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় ট্রাকটি থামিয়ে চালানের কাগজপত্র যাচাই করা হয়।
ট্রাকচালক সরকারি চাল পরিবহনের বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়। একইসাথে চালক ও তার সহকারীকে আটক করা হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা দুলাল মিয়া তিনজনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে ট্রাক চালক, তার সহযোগী ও চাল ক্রয়কারীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ হওয়া চালভর্তি ট্রাক, চালক ও তার সহকারীকে নেত্রকোনা কোর্টহাজতে পাঠানো হয়েছে।’



