উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টায় জেলা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বগুড়া জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করেন এবং প্রধান অতিথি জেলা প্রশাসক শিক্ষার্থীদের সকল প্রজেক্ট পরিদর্শন করেন এবং বিস্তার আলোচনা করেন। এছাড়া তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরিতে কুইজ প্রতিযোগিতা এবং অলিম্পিয়াডের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান প্রজন্মের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।’
তিনি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের কাছে প্রাকৃতিক সম্পদের মাত্রা খুবই কম। প্রাকৃতিক গ্যাস, তেল, পাথরসহ যে সমস্ত প্রাকৃতিক সম্পদ পৃথিবীতে বিরাজমান, তার ভেতরে বাংলাদেশের হাতে খুবই সামান্য প্রাকৃতিক সম্পদ আছে; যার মধ্যে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা উল্লেখযোগ্য।’
মেলায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশসুপার মির্জা সায়েম মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো: রেজোয়ান হোসেন।



