তথ্য ফাঁস ঠেকাতে বিট পুলিশ রদবদলের নির্দেশ এমপির

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস রোধে বিট পুলিশ কর্মকর্তাদের নিয়মিত বদলির নির্দেশ দিয়েছেন।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির |নয়া দিগন্ত

মাদকবিরোধী অভিযানে পুলিশি তথ্য ফাঁস হওয়া ঠেকাতে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বিট পুলিশিং ব্যবস্থায় রদবদলের এই নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় ঘিওর বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মাদক ও ইভটিজিং-বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমানকে এ নির্দেশনা দেন তিনি।

এমপি জিন্নাহ কবির বলেন, ‘তারেক রহমানের মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে তিন উপজেলায় ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক ও ইভটিজিং প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন করেন, অভিযানের আগে কিছু বিট পুলিশ কর্মকর্তা মাদককারবারি ও সেবনকারীদের তথ্য দিয়ে সহযোগিতা করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ কারণে কোনো কর্মকর্তাকে দীর্ঘদিন একই ইউনিয়নের দায়িত্বে না রেখে পর্যায়ক্রমে অন্য ইউনিয়নে বদলির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ নির্দেশনা বাস্তবায়ন না হলে নেতাকর্মী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন টিপু। সভায় শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, পুলিশ সদস্য, রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।