বরিশালের গৌরনদীতে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান এ আদেশ দেন। তার বিরুদ্ধে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতনের অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে মাদক সেবনের তথ্য পেয়ে হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত বিকাশ গৌরনদী পৌরসভার নয় নম্বর ওয়ার্ড হরিসেনা গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।
স্থানীয়রা জানান, বিকাশ দীর্ঘদিন যাবৎ মাদকের টাকার জন্য বসতঘর ভাঙচুরসহ তার মা-বাবাকে মারধর করতো। তাকে সুস্থ করার জন্য ছয় মাস মাদক নিরাময় ও মানসিক পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) রাখা হয়েছিল। তবে, রিহ্যাব থেকে বাড়িতে আসার পর সে আবারো মাদকাসক্ত হয়ে পড়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গৌরনদী সার্কেলের উপপরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, মাদকসেবী বিকাশ মাদকের টাকার জন্য তার বাবা-মাকে শারীরিক নির্যাতন করে আসছিল।



