শিবচরে খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন অসুস্থ

মাদারীপুরের শিবচরে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের ১১ সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন অসুস্থ
শিবচরে খাবারের বিষক্রিয়ায় একই পরিবারের ১১ জন অসুস্থ |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের ১১ সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে অসুস্থতার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৬ আগস্ট) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকেরা খাবারে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন।

গত শুক্রবার (১৪ আগস্ট) সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে পরিবারটিতে আতঙ্ক বিরাজ করছে। একই পরিবারের একাধিক সদস্য একইভাবে অসুস্থ হয়ে পড়ায় ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নয়ন শেখের পরিবারের সদস্যরা বাড়িতে রান্না করেন। রান্না শেষে পরিবারের সদস্যরা একসাথে খাবার খেতে বসেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই পরিবারের সাত সদস্য অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তারা অচেতন হয়ে ঘরের মধ্যে পড়ে থাকেন।

অসুস্থ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন নয়ন শেখের মেয়ে মনিকা আক্তার (২৭), তার স্বামী শহিদুল শিকদার, সাগরিকা আক্তার (২৫), ইতি আক্তার (২০), সুমাইয়া আক্তার (২২), তার স্বামী আসাদ মোড়ল, নয়ন শেখের ছোট মেয়ে নুসরাত জাহান (১৪), আরমান শেখ (৫৫) ও আমেনা বেগম (৫০)। পরিবারের আরো ২ সদস্যের নাম নিশ্চিত হওয়া যায়নি।

এ সময় কাজের কারণে ঢাকায় অবস্থান করছিলেন পরিবারের প্রধান ব্যক্তি নয়ন শেখ। তিনি কয়েকবার বাড়িতে ফোন করেও কারো সাড়া না পেয়ে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আশপাশের বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের খোঁজ নিতে বলেন।

বিকেল ৪টার দিকে এক প্রতিবেশী তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

খবর পেয়ে নয়ন শেখ ও তার স্বজনেরা বাড়িতে ছুটে আসেন। পরিবারের অসুস্থ সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলার মধ্যেই শুক্রবার রাতে বাড়িতে থাকা আরো কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদেরও দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ নিয়ে একই পরিবারের মোট ১১ সদস্য অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ সাগরিকা আক্তার বলেন, সকালে রান্না করে সবাই একসাথে খেতে বসি। খাওয়ার একপর্যায়ে সবাই জ্ঞান হারিয়ে ফেলি। কারো নড়াচড়া করার শক্তি ছিল না। ঠিকমতো কথাও বলতে পারছিলাম না।

তিনি জানান, পরিবারের সদস্যদের অসুস্থতার খবর পেয়ে তার বাবা নয়ন শেখ ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। পরে ঘরের সব খাবার ফেলে দেওয়া হয়। রাতে তাঁর ফুপু নতুন করে রান্না করেন। কিন্তু ওই খাবার খাওয়ার পর নয়ন শেখ ও তার ফুপুও অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের আরেক সদস্য মনিকা আক্তার বলেন, আমাদের খাবারের সাথে বা পানিতে কেউ কিছু মিশিয়ে দিয়ে থাকতে পারে। তা না হলে, একই পরিবারের ১১ জন মানুষ এভাবে অসুস্থ হওয়ার কারণ কী, বুঝতে পারছি না।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াসিফ হাসান বলেন, শুক্রবার বিকেলে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

তিনি আরো জানান, চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় রোববার (১৬ আগস্ট) তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

একই পরিবারের সদস্যদের খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়া এবং আবার নতুন করে রান্না করা খাবার খেয়েও আরো দুজনের অসুস্থ হওয়ার ঘটনায় বিষয়টি রহস্যজনক হয়ে উঠেছে। ঘটনাটি নিছক খাবারে বিষক্রিয়া, নাকি খাবার বা পানিতে অন্য কোনো ক্ষতিকর পদার্থ মেশানো হয়েছিল—তা এখনো স্পষ্ট নয়।