আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেসিক প্রান্তিক নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে।
রোববার (৮ মার্চ) দুপুরে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে ১০ জন প্রান্তিক নারীকে সেলাই মেশিন দেয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় বেসিকের আয়োজনে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বেসিকের নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সঞ্চালনায় ও রাম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নারীবিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাদিপুর ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সিরাজুল ইসলাম, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডু, ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী অ্যারিয়া ম্যানেজার খাদিজা আক্তার ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের অ্যারিয়া ম্যানেজার তোজাম্মেল হক।
অনুষ্ঠানে আলাদীপুর ও বেতদিঘী ইউনিয়নের ১০ জন প্রান্তিক নারীকে তিন মাস প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ হয়।



