জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা অধ্যাপক শহিদুল আলমের উদ্যোগে নলতা কলেজ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Location :

Satkhira

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট চিকিৎসক ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা অধ্যাপক শহিদুল আলমের উদ্যোগে নলতা কলেজ প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় সেবা প্রদান করেন বিভিন্ন বিষয়ের ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

আয়োজকরা জানান, শহীদ জিয়াউর রহমানের মানবিক আদর্শ ও জনকল্যাণমূলক দর্শনকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল্লাহ সিদ্দিকী এবং এসডিএফ-এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে জিয়াউর রহমানের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।