চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই পিস ইয়াবাসহ মো: আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছুটিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরিফুল ছুটিপুর (স্কুলপাড়া) গ্রামের মো: আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনা ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভগিরতপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো: মানজেরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ছুটিপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ছুটিপুর সরকারি কবরস্থানের পাশে একটি বাঁশবাগান থেকে আরিফুলকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আসামিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হলে বিচারক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
তবে মাত্র দুই পিছ ইয়াবাসহ গ্রেফতার আসামিকে দুই বছরের কারদণ্ড দেয়ায় এলাকায় আলোচনার ঝড় বইছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, এলাকায় মাদক ও অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



