ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনের ১৬৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। ফলে এক লাখ ২০ হাজার ৪১৯ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন মুজিবুর রহমান চৌধুরী।
অন্যদিকে বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো: মহসিন মিয়া মধু পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন চার হাজার ২৭৫ ভোট। বাসদ মনোনীত প্রার্থী আবুল হাসান পেয়েছেন ৯২০ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী জরিফ হোসেন পেয়েছেন ৯১০ ভোট।
বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর প্রতিক্রিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এটি আমার জন্য বড় সম্মানের। মৌলভীবাজার-৪ আসনের মানুষ আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা রক্ষা করতে চাই। এলাকার উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রথম অঙ্গীকার।’



