জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এক চাঁদাবাজ সরকারকে তাড়ানো হয়েছে, এখন আরেক সরকারি লোকজন চাঁদাবাজি করছে। তারা ক্ষমতায় আসার মাত্র ছয় মাসে চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে আপনাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। আপনারা মিরসরাই থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী ছিল, তাদের ওইপারে দাদাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের লাল সালাম।’
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যাদের ওইপারে পাঠিয়েছি, তাদের কিছু অভ্যাস এখনো রয়ে গেছে। ছাত্রলীগ ও যুবলীগের অন্যতম খাসলত (অভ্যাস) ছিল চাঁদাবাজি করা। এখন সেই খাসলত নতুন দলের কাছে এসেছে। তারা সন্ত্রাসী কার্যক্রম করত। আপনারা ক্যাম্পাসে দেখেছেন, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসী কার্যক্রম করছে।’
তিনি বলেন, ‘আমাদের যে নয় দফা দাবি ছিল, সেটা এক দফায় রূপান্তরিত হয়েছিল। শেখ হাসিনা উঁকি মারে, কিন্তু আসতে পারে না।’
তিনি আরো বলেন, ‘আমরা আপনাকে বলব, প্রধানমন্ত্রী তারেক রহমান, ছয় দফা দাবি যদি না মেনে নেন, তাহলে এই ছয় দফা দাবি বাংলাদেশে এক দফায় রূপান্তরিত হবে। ছয় দফা দাবি রূপান্তরিত না হওয়া পর্যন্ত আমরা কি রাজপথ ছেড়ে দেবো? আমরা কি কাউকে ভয় পাই? আমরা কাউকে ভয় পাই? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না।’



