সিলেট নগরীতে অপরাধ কর্মকাণ্ড নির্মুল ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। গত ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে আরো ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) নগরজুড়ে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, মাদককারবারি ও চোরাচালানকারীসহ সর্বমোট ২৯ জনকে গ্রেফতার করা হয় বলে এসএমপি সূত্রে জানা গেছে।
এর আগের ৩২ ঘন্টায় নগরী থেকে বিভিন্ন মামলা ও অপরাধে ৭১ জনকে গ্রেফতার করা হয়।
শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামি পাঁচজন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত চারজন ও মাদকদ্রব্যসহ চারজন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ৫৪ পিস ইয়াবা ও সাত বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, রোববার দিবাগত রাত ১২টার পর থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরো পৃথক অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, ১৩ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, দুইজন ছিনতাইকারী, ছয়জন সন্দেহভাজন ব্যক্তি, একজন জুয়াড়ি ও সাতজন হকার রয়েছে।
এ সময় ৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, ‘গ্রেফতারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’



