লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশী ছয় যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। পরে আহত অবস্থায় বিএসএফ তাদের পুলিশের হাতে তুলে দিয়েছে।
আটক ছয়জনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের বটতলী এলাকার আব্দুল জব্বারের ছেলে আশরাফুল আলম লিটন (৪০), একই ইউনিয়নের মুন্সিরহাট এলাকার সইমুদ্দিনের ছেলে ওয়াহেদ আলী (২৮) ও জোংড়া ইউনিয়নের সরকারের এলাকার কুফুর আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩০)।
বাকী তিনজন মসিউল (২৫), সার্থক (২৬) ও আশরাফুল আলম (২৪) নামে নাম জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিজিবি, স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ওই ছয় যুবক সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতে প্রবেশ করে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফেরার পথে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ১ ব্লকের বৈরাগীরহাট জুগিরডাঙ্গা গ্রামের লোকজন তাদের দেখে আটক করে। একপর্যায়ে তাদের মারধর শুরু করলে খবর পেয়ে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় বিএসএফ তাদের মাথাভাঙ্গা পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ আহত বাংলাদেশী যুবকদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
বিএসএফের হাতে আটক লিটনের বাবা আব্দুল জব্বার তার ছেলের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমরা (ওরা) ছয়জন নাকি সোমবার রাইতে (রাতে) ভারত গেইছে (গেছে)। কাইল (গতকাল) মঙ্গলবার ধরা পইড়ছে (পড়েছে)। ওমরা যার মাল আনে (কি মাল তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি) ওতো (তিনি) ওইখানে (বিএসএফের কাছে) যাইতে পারে না। নেটোত (সামাজিক মাধ্যমে) দেখেন, আছে।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিএসএফের সামনে ভারতের জনগণ ওই যুবকদের সম্ভবত বিএসএফের একটি জিপ গাড়ির ইঞ্জিনের সামনের বক্সের ঢাকনার ওপরে ফেলে এলোপাতাড়ি কিলঘুষি মারছে। মারধরের সময় বিএসএফ দাঁড়িয়ে দেখছিল। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ছয় যুবককে বিএসএফ কর্তৃক আটকের বিষযটি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি মঙ্গলবার সকালের, তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিএসএফের সাথে কথা হয়েছে। তারা তদন্ত করে বিষয়টি জানাবে বলে জানিয়েছে।’



