সিলেট-১ আসনের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রসহ বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায় তাদের।
ভোট দিতে আসা নারীরা জানায়, অনেক বছর পর নিজেরা ভোট দিতে পেরে তারা খুব খুশি। গত ১৭ বছর ভোট দিতে পারেননি বলেও উল্লেখ করেন তারা।
রাবেয়া নামে এক নারী ভোটার বলেন, ‘নিজের ভোট নিজে দিতে পেরে খুব ভালো লাগছে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে আমরা আনন্দিত। আমরা চাই ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হোক এবং এলাকার উন্নয়ন করুক। তাই কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি।’
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুবুল ইসলাম বলেন, ‘শৃঙ্খলা বজায় রেখে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশি এবং এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।’



