প্রথমবারের মতো নির্বাচনে লড়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন দেশের খ্যাতিমান শিল্প উদ্যোক্তা ও রাজনীতিক আবদুল আউয়াল মিন্টু।
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ১৬১টি ভোটকেন্দ্রে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পেয়েছেন।
এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬১ হাজার ৩২১ ভোট, ‘না’ ভোট ১ লাখ ১৪ ভোট।
এ আসনের দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুরে তার পৈত্রিক বাড়ি। এখানে তার বাবা হাজী সফি উল্লাহ দু’বারের উপজেলা চেয়ারম্যান ও ছোট ভাই মো: আকবর হোসেন পৌরসভার মেয়র ছিলেন।
নির্বাচনে জয়লাভের পর প্রতিক্রীয়ায় আবদুল আউয়াল মিন্টু বলেন, উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে ভালো পরিবেশ। সেই শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় আমি সবার সাথে মিলেমিশে এলাকার জন্য কাজ করতে চাই।
তিনি বলেন বলেন, আব্দুল আউয়াল মিন্টু ফেনী থেকে বিজয়ী হয়েছে- সেটা বড় ইস্যু না। আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য ধানের শীষের জয় এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এটা গুরুত্বপূর্ণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে আমি মনে করি। কোনো ঝামেলা হয়নি। কাউকে বাধা দিয়েছে এমন খবর পাওয়া যায়নি। সে পরিপ্রেক্ষিতে আমি মনে করি, ফেনী-৩ আসনে অবাধ ও সুষ্ঠু হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, আমার পরিকল্পনা হলো আমার এলাকার উন্নয়ন, ফেনী জেলার উন্নয়ন। ফেনীর গর্বিত সন্তান হিসেবে আমরা ফেনীর উন্নয়ন চাই। আমাদের নেতা তারেক রহমানও ফেনীর দিকে নজর দেবেন। তিনি জানেন যে উনার মা মরহুমা বেগম খালেদা জিয়া ফেনীর উন্নয়নের জন্য সর্বতোভাবে চেষ্টা করছেন। আমি আশা করি উনিও ফেনীর দিকে নজর দেবেন। আমরাও ফেনীর উন্নয়নের জন্য কাজ করব।



