পিরোজপুর-এ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মল্লিক নাছির। একই হামলায় আহত হয়েছেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু। দু’জনকেই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মহিউদ্দিন মল্লিক নাছির সদর উপজেলার শংকরপাশা গ্রামের মরহুম মোজাহার মল্লিকের ছেলে। আহত রিয়াজ উদ্দিন মল্লিক নিপু একই এলাকার শাহজাহান মল্লিকের ছেলে।
আহতদের ভাষ্য অনুযায়ী, রাত ১১টার দিকে পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় আট থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: রাজিব পাইক জানান, আহত দু’জনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। একজনের দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জানান, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



