পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহির গ্রেফতার

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্তর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
গ্রেফতার জহুরুল ইসলাম জহির
গ্রেফতার জহুরুল ইসলাম জহির |নয়া দিগন্ত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি সংস্থা (সাকো) -এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে (৪০) গ্রেফতার করেছেন পোরশা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্তর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জহির উপজেলার দুয়াপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, বেশ কয়েকজন গ্রাহক বাদি হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা করলে আসামি পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত হতে তিনটি সিআর সাজা পরোয়ানা ও চারটি নরমাল সিআর পরোয়ানা ইস্যু করেন।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহির সাকো নামে একটি এনজিও -এর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনদের তিন থেকে চার কৌটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ কয়েক বছর আগে আত্মগোপন চলে যান। পলাতক অবস্থায় তিনি বিভিন্ন সময় ছদ্ম নাম ব্যবহার করেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও তিনি ভারতে অবস্থান করছেন বলে তার নিজ এলাকায় লোকজনের কাছে প্রকাশ করেন। আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামিকে গ্রেফতার করা হয়।

প্রতারক জহিরকে গ্রেফতার করায় পোরশা এবং সাপাহার এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেন বলেও তিনি জানান।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, নওগাঁ জেলার বড় অপরাধী এবং ওয়ারেন্টিদের গ্রেফতারের ব্যাপারে জেলা পুলিশের তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে।

এই ধরনের অপরাধীদের গ্রেফতারে সহযোগীতা করার জন্য তিনি জনগণকে তথ্য প্রদানের আহ্বান জানান।