ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলায় ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও ক্যাশলেস সেবার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে পূবালী ব্যাংক পিএলসি ডিমলা উপ-শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন বেলা ১২টায় উপজেলার বাবুরহাট মেইন রোডে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূবালী ব্যাংকের নীলফামারী শাখার ব্যবস্থাপক এ টি এম রেদওয়ানুর রশিদ।
শুটিবাড়ী শাখার কর্মকর্তা মো: সেলিম খানের পরিচালনায় ডিমলা উপশাখার ব্যবস্থাপক মো: আবু সাঈদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, বাংলা কিউআর নির্দিষ্ট কোনো কোম্পানির নয়, এটি বাংলাদেশ ব্যাংকের একটি জাতীয় উদ্যোগ। এর মাধ্যমে সব ধরনের পেমেন্ট সার্ভিস ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সুবিধা ভোগ করা যাবে। এমনকি পিওএস মেশিনেও বাংলা কিউআর ব্যবহার সম্ভব।
সাইবার নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের সতর্ক করে তিনি বলেন, অনলাইন লেনদেনে কিছু চ্যালেঞ্জ থাকলেও আমাদের সচেতনতা ও সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, কেউ ওটিপি চাইলে তা কখনোই দেবেন না। ব্যাংক কর্মকর্তারা কখনোই গ্রাহকের কাছে ওটিপি চান না।
অনুষ্ঠানে ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান ও পূবালী ব্যাংক শুটিবাড়ী শাখার ব্যবস্থাপক মো: মোরসালিন শাহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন।
সভায় বক্তারা নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার পাশাপাশি সাইবার অপরাধ রোধে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ হবে।
এ সময় ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।



