সিলেট সীমান্তে ফেনসিডিলসহ ৬৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্রতাপপুর বিওপি
প্রতাপপুর বিওপি |নয়া দিগন্ত

সিলেট সীমান্তে ফেনসিডিলসহ ৬৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই চোরাকারবারিকে আটক করে বিজিবি।

বুধবার (৮ জুলাই) ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বাংলাবাজার, লাফার্জ, বিছনাকান্দি, সোনারহাট, পাথরকোয়ারী, প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম ও শ্রীপুর বিওপির জওয়ানরা সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, টমেটো, ফেনসিডিল, চকলেট, জিলেট ব্লেড, পাউডার, চিনি, ফল, মিনিপ্যাক শ্যাম্পু, এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ, রসুন, সুপারি, অবৈধ বালু-পাথর বহনকারী বারকী নৌকা আটক করে। এসময় দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি বিজিবি।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৪ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল আটক করা হয়।’

আটককৃত মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।