চট্টগ্রাম চেম্বার ও কাস্টমসের মধ্যে অফিস স্পেস ভাড়া চুক্তি সই

চট্টগ্রাম চেম্বার মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দেড় লক্ষাধিক বর্গফুট অফিস ও আট হাজার বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়ায় নিতে চট্টগ্রাম চেম্বার ও কাস্টম হাউসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রাম কাস্টম হাউস
চট্টগ্রাম কাস্টম হাউস |ইন্টারনেট

চট্টগ্রাম চেম্বার ও কাস্টমসের মধ্যে অফিস স্পেস ভাড়া চুক্তি সই সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যালয় আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে কার্যক্রম পরিচালিত হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন ভবন নির্মিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসের দাফতরিক কার্যক্রম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে পরিচালিত হবে।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রাম চেম্বার মালিকানাধীন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দেড় লক্ষাধিক বর্গফুট অফিস ও আট হাজার বর্গফুট গ্যারেজ স্পেস ভাড়ায় নিতে চট্টগ্রাম চেম্বার ও কাস্টম হাউসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চেম্বারের পক্ষে চেম্বার প্রশাসক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: মোতাহার হোসেন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চেম্বার প্রশাসক মো: মোতাহার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিন, চেম্বারের সাবেক সভাপতি হুমায়ুন মাহমুদ চৌধুরী, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শেখ আবু ফয়সল মো: মুরাদ, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক শওকত আলী।

এ সময় অন্যদের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ ও ফরিদ আহমেদ চৌধুরীসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চেম্বারের সাবেক নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।