চার বছরের শিশুকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলেন মা

দর্শনা রেলওয়ে পুলিশের এসআই জানান, নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হয়েছে।

Location :

Damurhuda
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |ফাইল ছবি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার দর্শনায় চার বছরের শিশুকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে নিলুফা (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হল্ট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিলুফার দর্শনার ডিকৃষ্টপুর গ্রামের মো: রেজাউলের মেয়ে। তার স্বামীর নাম নজরুল ইসলাম রনি। তার বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দর্শনা তরফদার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তার সাথে থাকা প্রায় চার বছরের একটি শিশু অক্ষত রয়েছে। বর্তমানে শিশুটি রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হয়েছে।’