চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বাদ এশা নামাজে জানাজা শেষে ঘোলা-দলুয়াগুনি কবরস্থানে শোয়াইব শেখের দাফন এবং রাত ১০টার পর বাড়ির আঙিনায় শয়ন ঢালীকে সমাধিস্থ করা হয়।
এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তাদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবসহ অসংখ্য মানুষ ছুটে আসেন তাদের নামাজে জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানের জন্য।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যায় দুইজনের লাশ বাড়িতে পৌঁছালে শোয়াইবের মা মনোয়ারা বেগম ছোট ছেলেকে এবং শয়ন ঢালীর মা তপতী ঢালী একমাত্র সন্তানকে হারানোর শোকে বারবার মূর্ছা যান।
নিহত শোয়াইব শেখ চিতলমারী উপজেলার ঘোলা গ্রামের মাহাবুর শেখের ছেলে। সে এ বছর জিবিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
অপর নিহত শয়ন ঢালী একই উপজেলার বড়বাড়িয়া-বাদামতলা গ্রামের সমেশ ঢালীর ছেলে এবং সে তার বাবাকে ব্যবসায় সহযোগিতা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসটি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হন এবং হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।
নিহত অপর দুইজন হলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (৩৫) ও আবু হানিফের ছেলে মো: সোহাগ (৩৭)। তবে শিশুটির নাম-পরিচয় এখনো জানা যায়নি।



