গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাইদুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার সাইদুল ময়মনসিংহের তারাকান্দা থানার গিদাপাড়া (বাদরাকান্দা) গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে। নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খৈলাসপুর (বনপাড়া) গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকার হামিম টাওয়ারের নিচে কেনাকাটা গলির সমানে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, সাইদুল দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন। নিয়মিত নেশার টাকার জন্য তার স্ত্রী নাসিমার কাছে টাকা দাবি করতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। রোববার নাসিমা বেতন পেয়ে বাসায় ফিরলে রাতে সাইদুল তার কাছে তিন হাজার টাকা দাবি করেন। নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাইদুল তাদের দুই শিশু সন্তানের সামনে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
ঘটনার পর সাইদুল আত্নগোপনে চলে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাসন থানাধীন হামিম টাওয়ারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ওই রাতেই তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, মঙ্গলবার দুপুরে স্ত্রীকে হত্যা মামলায় গ্রেফতার স্বামী সাইদুলকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, স্ত্রী নাসিমার কাছে মাদক কেনার টাকা চেয়ে ঝগড়ার একপর্যায়ে দুই সন্তানের সামনে সাইদুল তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে। রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ির (লিচু বাগান) মজনুর বাড়িতে এ ঘটনা ঘটে।



