দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েলের থেকে গোয়ালঘরে আগুন লেগে চারটি ছাগলের মৃত্যু হয়েছে এবং একটি গরু দগ্ধ হয়েছে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রিয়াজুল ইসলাম বলেন, ‘ভোরে সাহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি, এমন সময় হঠাৎ গোয়ালঘর থেকে ধোঁয়ার গন্ধ নাকে এলে জেগে উঠে দেখি গোয়ালঘরের চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। পরে পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরো বলেন, ‘ততক্ষণে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায়, একটি গরু আহত হয় এবং একটি ছানিকাটা মেশিন, গোয়ালঘরের ছাউনিসহ বেশকিছু জ্বালানি খড়ি আগুনে পুড়ে যায়।’
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা গেছে এবং একটি গরু আহত হয়েছে।’
তিনি জানান, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



