মাদারগঞ্জে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

Location :

Madarganj
নিহতের বাড়িতে এলাকাবাসীর ভিড়
নিহতের বাড়িতে এলাকাবাসীর ভিড় |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরম ও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে টুনু আকন্দ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত টুনু আকন্দ মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার আকন্দবাড়ির বাসিন্দা এবং মরহুম সাদেক আকন্দের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুরে মাঠে খড় শুকানোর কাজ করতে গিয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং রাতভর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহে নেয়ার পথে নান্দিনা-গোপালপুর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

নিহতের নাতি মামুন জানান, প্রচণ্ড রোদের মধ্যে খড় শুকানোর কাজ করার সময় তার দাদা অসুস্থ হয়ে পড়েন। পরে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এদিকে নিহতের ছোট ছেলে রিফাত (১৫) বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। সে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় রয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, গত দুই দিনে উপজেলার দু’টি ইউনিয়নে হিটস্ট্রোকে দু’জনের মৃত্যু হয়েছে।