দিনাজপুর মোহনগাছি কেরামতিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সাবেক বায়তুল মাল সেক্রেটারি ও জেলা ইউনিটের রুকন ছিলেন।
শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৪টায় দিনাজপুর শহরের উপশহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
শুক্রবার বাদ জোহর দুপুর সোয়া ২টায় দিনাজপুর ৭ নম্বর উপশহর মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং উথরাইল মাঝাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম।
মরহুমের জানাজার নামাজে দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও অঞ্চল টিম সদস্য মো: আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের বর্তমান আমির অধ্যক্ষ আনিসুর রহমান, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
জামায়াতের শোক
অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা আব্দুল আজিজের মৃত্যুতে জামায়াত ইসলামী আন্দোলনের এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারাল।
তিনি মরহুমের দোষ-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। পাশাপাশি তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে, সেই দোয়া করেন।



