রহমত আলী হেলালী, জকিগঞ্জ (সিলেট)
সিলেট জকিগঞ্জে ট্রাকের চাপায় স্বপন বিশ্বাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় সাথে তার বাবা-মা গাড়িতে ছিলেন।
শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম (নওয়াগ্রাম) এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন বিশ্বাস উপজেলার সুলতানপুর ইউনিয়নের পল্লীশ্রী তিরাশী (দক্ষিণপাড়) গ্রামের বরেন্দ্র বিশ্বাসের ছেলে।
নিহতের বড় ভাই সজল বিশ্বাস জানান, শুক্রবার বিকেলে বাবা-মা স্বপন বিশ্বাসকে নিয়ে পাশের বিয়ানীবাজার উপজেলার কাকুরা গ্রামে চিকিৎসার জন্য সিএনজি অটোরিকশা করে যাচ্ছিলেন। যাওয়ার পথে আটগ্রাম বাসস্টেশনের প্রায় দুই কিলোমিটার পশ্চিমে বিপরীত দিক থেকে আসা একটি এলপি গ্যাস ট্যাঙ্ক ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে স্বপন মারা যান।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আব্দুল আহাদ জানান, সড়ক দুর্ঘটনায় আহত স্বপন বিশ্বাসকে সন্ধ্যার দিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ হাসপাতালে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে একইদিন বিকেল ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই কাঠলিপুল এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক আশরাফ আহমদ নিহত হন।
এদিকে একইদিনে ওই সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের নিহত নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।



