কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পারুল আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে অসুস্থ অবস্থায় তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত পারুল আক্তার পাশে সুন্দরগঞ্জ উপজেলার কাশিম বাজার কানি চরিতাবাড়ি এলাকার বাসিন্দা ও শাহিন আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের মা ছিলেন। তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্বজনরা জানান, রোববার রাত থেকে পারুল আক্তার তীব্র ডায়রিয়ায় আক্রান্ত হন। স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হলেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে সোমবার দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মাঈনুল হাসান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: তানজিরুল ইসলাম জানান, ডায়রিয়াজনিত জটিলতায় আক্রান্ত ওই নারীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হাকিমও বিষয়টি নিশ্চিত করে বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়েই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, গত পাঁচ দিনে অন্তত ১৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যাই বেশি। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও গত কয়েক দিনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।



