দেড় বছর বন্ধ ও পরিত্যক্ত থাকার পরে খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটস্থ আওয়ামী লীগ অফিস খুলে সেখানে প্রবেশ করেন কয়েকজন কর্মী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে একদল নেতাকর্মী নিচতলার কলাপসিবল গেটের তালা খুলে দোতলায় ওঠেন। এসময় তারা অফিসের সামনের খোলা চত্বরে মেইন রোড সংলগ্ন অংশের খুঁটিতে একটি জাতীয় পতাকা টানিয়ে দেন।
এরপর শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি পাশাপাশি রেখে মাল্যদান করেন। কিছু সময় সেখানে অবস্থান করে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে পরে নিচে নেমে এসে তালা লাগিয়ে চলে যান।
এদিকে খুব দ্রুত বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়। অনেকে ছবি তুলে, কেউ কেউ লাইভে ফেসবুকে প্রচার করেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে গেলে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন।
মার্কেটের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোনাডাঙা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি এম আরিফের নেতৃত্বে বিকেল পৌনে ৫টার দিকে অফিস প্রবেশের ঘটনা ঘটে। পরিচিত মুখদের মধ্যে রাশেদ সরদার, জাহাঙ্গীর হোসেন ছিলেন।
চব্বিশের গণ অভ্যুত্থানের শেষলগ্নে ৪ ও ৫ আগস্ট খুলনার বিক্ষুব্ধ ছাত্র-জনতা আরো অনেক প্রতিষ্ঠান ও ভবনের মতো এই অফিসটিও ভাঙ্গচুর করে আগুন দিয়েছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমদ হামিম রাহাত এ ব্যাপারে বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার দুই দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। দলটি আদালতের নির্দেশে সাময়িক নিষিদ্ধ। সে সময় এই দু:সাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারো ইন্ধন আছে।
এই নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র জনতা আবারো রাজপথে নামতে বাধ্য হবে বলে তিনি হুশিয়ার করেন।



