সোনাগাজী প্রধান সড়ক সংস্কারহীনতায় ঈদযাত্রায় ভয়াবহ দুর্ভোগ

ঢাকা থেকে আগত পথচারী আবুল কালাম বলেন, ‘একটি পৌর শহরের প্রধান সড়কের যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামীণ সড়কের অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
গর্তভরা সড়কে ঈদযাত্রার দুর্ভোগ ভয়াবহ
গর্তভরা সড়কে ঈদযাত্রার দুর্ভোগ ভয়াবহ |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী পৌর শহরের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। সোনাগাজী জিরো পয়েন্ট থেকে চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির পানির সঙ্গে ময়লা জমে চলাচলে ভয়াবহ দুর্ভোগ দেখা দিয়েছে। দুই পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরো বেড়েছে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি যেন সীমাহীন হয়ে উঠেছে।

ঢাকা থেকে আগত পথচারী আবুল কালাম বলেন, ‘একটি পৌর শহরের প্রধান সড়কের যদি এই অবস্থা হয়, তাহলে গ্রামীণ সড়কের অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়।’

চট্টগ্রাম থেকে আসা কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সোনাগাজী পৌর শহরের কি কোনো অভিভাবক নেই? ঈদের আগে সংস্কারের উদ্যোগ নেয়া হলো না কেন?’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে হলেও দীর্ঘদিন সংস্কার হয়নি। মাঝে মাঝে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি।

সোনাগাজী পৌর যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া জানান, একাধিকবার ইটখোয়া ও বালি ফেলে সাময়িক সংস্কার করা হলেও বৃষ্টিতে তা নষ্ট হয়ে যায়। তবে সড়কটি ইতোমধ্যে টেন্ডার হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোনাগাজী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগান চাকমা বলেন, ‘প্রধান সড়ক হওয়ায় কিছুদিন আগে গর্তগুলো ইট ও বালি দিয়ে ভরাটের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অঝোর বৃষ্টিতে তা টেকসই হয়নি। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে, দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।’