নীলফামারীতে অটোভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসছিল একটি ট্রাক। পথে একবট নামক স্থানে দ্রুত গতিতে আসা ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা
ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী মা ও দুই শিশুসন্তানসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো দু’জন।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়ার ওলি বর্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), নিহত পরিমলের ছোট ভাই প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা বর্মন (৩০), তার দুই সন্তান বিপাশা বর্মন (৮) ও যাদব বর্মন (৪)।

এ সময় নিহত প্রতিমার আহত জমজ সন্তান নম্রত বর্মন (৪) ও অপরযাত্রী সহিদুল ইসলামকে (৪০) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে আসছিল একটি ট্রাক। পথে একবট নামক স্থানে দ্রুত গতিতে আসা ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়।

এতে ভ্যানচালক পরিমল ও একই পরিবারের মা প্রতিমা ও দুই শিশুসন্তান বিপাশা ও যাদব ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া আহত হয় নিহত প্রতিমার জমজ সন্তান নম্রত বর্মন ও অপর যাত্রী সহিদুল ইসলাম।

খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী নিহত ও আহতদের উদ্ধার করে ডোমার হাসপাতালে নেয়। সেখান থেকে আহত দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।