মাইকিং করে বাবার ঋণ পরিশোধের ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

‘আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি চাই না তিনি কারো ঋণ রেখে পৃথিবী থেকে বিদায় নেন। সন্তান হিসেবে বাবা-মায়ের দায়িত্ব পালন করা আমাদের নৈতিক কর্তব্য।’

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Ulipur
বাবার ঋণ পরিশোধে ছেলের মাইকিং
বাবার ঋণ পরিশোধে ছেলের মাইকিং |নয়া দিগন্ত

অসুস্থ বাবার ঋণ পরিশোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক যুবক। পরিবারের সম্মান রক্ষা ও বাবার দায়মুক্তির উদ্দেশ্যে তিনি অটোরিকশায় মাইকিং করে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা আবুর হোসেন (৯০) দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। প্রায় সাত মাস ধরে তিনি শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। বাবার জীবদ্দশাতেই তার সব ঋণ পরিশোধ করতে চান ছেলে মারুফ হোসেন (৩৮)।

এ উদ্দেশ্যে শনিবার (১৬ মে) দিনভর উপজেলা শহর ও আশপাশের এলাকায় মাইকিং করে তিনি ঋণদাতাদের যোগাযোগের আহ্বান জানান।

মারুফের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই এটিকে দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধের উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বর্তমান সময়ে এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ খুব একটা দেখা যায় না। একজন সন্তানের পক্ষ থেকে এটি সত্যিই প্রশংসনীয়।

মারুফ হোসেন বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি চাই না তিনি কারো ঋণ রেখে পৃথিবী থেকে বিদায় নেন। সন্তান হিসেবে বাবা-মায়ের দায়িত্ব পালন করা আমাদের নৈতিক কর্তব্য।’

Topics