মদন (নেত্রকোনা) সংবাদদাতা
দেশের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করা, ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করা এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন উলামা সম্মেলন ও সমাবেশ আয়োজন করছে।
এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার মদন উপজেলা জামায়াতে ইসলামীর উলামা বিভাগের উদ্যোগে শুক্রবার (১০ জুলাই) বেলা ৩ ঘটিকায় উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমির মাওলানা অধ্যাপক সাদিক আহমেদ হারিছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর উলামা সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূঁইয়া, মদন উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, মদন পৌর আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতিগণসহ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওলামায়ে কেরামগণ নবী-রাসূলগণের ওয়ারিশ। এই ওয়ারিশ শুধু মসজিদ-মাদরাসা পরিচালনার ক্ষেত্রে নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্র তথা সকল ক্ষেত্রেই প্রকৃতপক্ষে নবীদের অনুসরণ করার আহ্বান জানান তিনি।



