লালপুরে টাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

লালপুর থেকে ঈশ্বরদী যাওয়ার পথে নবীনগরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে তার চালক ও সহকারী পালিয়ে যায়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক
দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলা নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (৫০) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে, মনিরুল (২৭) একই গ্রামের সেকেন্দার আলীর এবং বাবুল (৩৫) ফজলুর রহমানের ছেলে।

আহতদের মধ্যে ইজিবাইকের চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনুকে (৪০) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এবং যাত্রী রাজিবকে (৩৫) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ইজিবাইকে লালপুর থেকে ঈশ্বরদী যাওয়ার পথে নবীনগরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক ফেলে তার চালক ও সহকারী পালিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহত একজনের লাশ থানায় নেয়া হয়েছে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। রামেকে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও ট্রাকটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।