খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুড়িতে নারী মাদককারবারি হাসেনা আক্তারকে (৪৪) আটক করে জেলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলা চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লঞ্চ ঘাটের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুড়ি উপজেলার লেপসিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: সিরাজুল ইসলাম ও তার দল লেপসিয়া লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে হাসেনাকে আটক করে।
পুলিশ পরিদর্শক মো: সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ বাহিনীর সদস্যরা তল্লাশি করে তার বাড়িতে মাদক ব্যবসার জন্য মজুদ রাখা প্রয়োজনীয় মালামাল উদ্ধার করে।’
খবর পেয়ে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, ‘উপস্থিত সকলের সামনে হাসেনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।’
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন বলেন, ‘লেপসিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: সিরাজুল ইসলাম তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে হাসেনা আক্তারকে আটক করে এবং উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। আসামিকে বিধি মোতাবেক শনিবার সকালে নেত্রকোনা সদর কোর্ট পাঠানো হয়েছে।’



