মির্জাপুরে ধান শুকানোকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

রমেজ মিয়া বড় ভাই খুরশেদ আলমকে কোদাল দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। পরে তিনি লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
ভাইয়ের হাতে ভাই খুন
ভাইয়ের হাতে ভাই খুন |ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ধান শুকানোকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুরশেদ আলম (৫৫) খুন হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে বানিয়ারা উত্তরপাড়া গ্রামের কিতাব আলীর বড় ছেলে মরহুম নুরুল ইসলামের একতলা ভবনের ছাদে তার সহোদর দুই ছোট ভাই খুরশেদ আলম ও রমেজ মিয়া রুমে ধান শুকাতে দেয়। কিছু সময় পর বৃষ্টি শুরু হলে দুজনেই পৃথকভাবে ধানগুলো ছাদের মধ্যে স্তুপ করে ঢেকে রাখেন। বৃষ্টি থেমে গেলে ছাদে জমে থাকা পানি খুরশেদ আলম পরিস্কার করতে থাকেন। এসময় ছোট ভাই রমেজ মিয়া তার ধানে পানি যাওয়ার অযুহাত তুলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায় রমেজ মিয়া বড় ভাই খুরশেদ আলমকে কোদাল দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। পরে তিনি লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর রমেজ মিয়া পালিয়ে যান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। রমেজ মিয়া ও খোরশেদের সাথে আগে থেকেই ঘর দেয়ার জমি নিয়ে বিরোধ ছিল বলে জানা গেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।