চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় ইফতার শেষে মসজিদে যাওয়ার পথে রিপন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রিপন ওই গ্রামের মৃত মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ইফতার শেষে মসজিদে প্রবেশের সময় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী হয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয় বলে পরিবার জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। পূর্বের বিরোধের জেরে এ হামলা হতে পারে বলে বিএনপি নেতাদের দাবি। তবে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রতিবাদে রাত ৯টার দিকে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নারুল ইসলাম মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা দর্শনা থানা ঘেরাও করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি তদন্তাধীন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।



