লংগদুতে ছেলেকে বাঁচাতে গিয়ে কাপ্তাই লেকে নিখোঁজ বাবার লাশ উদ্ধার

ঝড়ের কবলে পড়ে লেকের পানিতে ডুবে যায় বাবা-ছেলে। ছেলেকে বাঁচাতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন বাবা।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
বামে মৃত সালাম ও ডানে তার ছেলে
বামে মৃত সালাম ও ডানে তার ছেলে |নয়া দিগন্ত

রাঙামাটির মাইনীমুখ বাজার থেকে নৌকা করে বাড়ির দিকে যাচ্ছিলেন সালাম (২৮) ও তার আট বছর বয়সী ছেলে। লংগদুতে আসলে আকস্মিক ঝড়ের কবলে পড়ে তারা। ঝড়ের বেগে নৌকা উল্টে গেলে পানিতে পড়ে যান বাবা-ছেলে। ডুবে গিয়েও নিজের ছেলেকে বাঁচাতে আকড়ে ধরার সর্বাত্তক চেষ্টা করেন তিনি। সফলও হন কিন্তু ছেলেকে বাঁচাতে পারলেও লেকের পানিতে ডুবে নিখোঁজ হন সালাম।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টার দিকে কাপ্তাই লেক থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

নিহত সালাম উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার মরহুম শাহাবুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৩টার দিকে মাইনীমুখ বাজার থেকে নিজের ছেলেকে নিয়ে নৌকায় বাড়ির উদ্দেশে রওনা হন সালাম। গুলশাখালী সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। এতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় সালাম নিজের সন্তানকে আঁকড়ে ধরে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। পরে পাশ দিয়ে যাওয়া একটি জেলের নৌকা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও প্রচণ্ড ঢেউয়ের মধ্যে সালামকে উদ্ধার করা সম্ভব হয়নি। একপর্যায়ে তিনি কাপ্তাই লেকের গভীর পানিতে তলিয়ে যান। শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, উদ্ধারের পর শিশুটির পেটে প্রচুর পানি থাকায় প্রাথমিকভাবে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। চিকিৎসার পর বর্তমানে সে ভালো আছে।

এদিকে সালাম নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। লংগদু ফায়ার সার্ভিসের কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, খবর পাওয়ার পর রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর অভিযান চালানোর পর সোমবার সকাল ৮টার দিকে কাপ্তাই লেক থেকে সালামের লাশ উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।