ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষকের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের আয়োজনে এ কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কৃষি উন্নয়ন, আধুনিক চাষাবাদ, কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনে অংশ নেয়া কৃষকরা জানান, ‘এখানে এসে কৃষি বিষয়ে অনেক পরামর্শ পেয়েছি। যা আমাদের খরচ কমাবে কিন্তু উৎপাদন বাড়াতে সাহায্য করবে। জৈব সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। বালাইনাশক দেয়ার পর নির্দিষ্ট সময় পার না হওয়া পর্যন্ত ফসল বাজারে বিক্রি করা যাবে না।’
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
এছাড়া, লুমিনাস গ্রুপের ট্রেইনিং অ্যান্ড ডেভলপমেন্ট ডিরেক্টর মো: সারোয়ার হোসেন, মিরাকেল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল-আমিন, আর এম রাসেল ও ডেপুটি ডিরেক্টর আল হাদি প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপজেলার প্রায় ৫০০ জন কৃষক অংশ নেন। অনুষ্ঠানে কৃষির বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করা ১৫ জন কৃষককে সম্মাননা ক্রেস্ট ও উপহার দেয়া হয়।



