রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবৈধভাবে ১৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাট এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসির হাসান খান।
অভিযুক্ত ব্যবসায়ীর নাম মো: নান্নু মৃর্ধা। তিনি হামিদ মৃধার হাট এলাকার নান্নু স্টোরের স্বত্বাধিকারী।
জানা গেছে, গোপনে নিয়ম বহির্ভূতভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার অভিযোগের ভিত্তিতে নান্নু স্টোরের গোডাউনে অভিযান চালানো হয়। এসময় তল্লাশি করে ১৮০০ শ’ লিটার ডিজেল অবৈধভাবে মজুত রাখার সত্যতা পাওয়া যায়।
পরে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মুনতাসির হাসান খান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ পাওয়ায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সাথে ওই তেল দ্রুত বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।’
তিনি আরো জানান, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



