নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টার থেকে সাথি আক্তার (২৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে শহরের ডক্টরস হসপিটাল ও কার্ডিকেয়ার ডায়াগনেস্টিক নামের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
সাথি আক্তার সৈয়দপুর পৌর মুন্সিপাড়া নিমবাগান এলাকার বাসিন্দা রায়হান ইসলাম সোহাগের দ্বিতীয় স্ত্রী। তাদের একটি সন্তান রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার ভোর ৪টা ৪৬ মিনিটে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্সরা পূর্বের চিকিৎসা অনুযায়ী স্যালাইন ও ওষুধ চালু রাখেন।
কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স জাহিদা বেগম ও রোহিদা বেগম জানান, ভর্তির পর রোগীর স্বামী কিছু সময় অবস্থান করে নাস্তা আনতে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৮টার দিকে এসে রোগীর সাথে কথা বলে পুনরায় বাইরে চলে যান। এ সময় রোগী কক্ষে একাই ছিলেন।
তিনি আরো জানান, সকালে গিয়ে রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন দেখা যায় সাথি আক্তার ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
ডক্টরস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হোসেন তাহমিদ ইমাম জানান, বিষয়টি জানার পর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়। পরবর্তীতে সৈয়দপুর থানায় অবহিত করা হয়েছে।
এ বিষয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: নাজমুল হুদা বলেন, ‘কি রোগে আক্রান্ত হওয়ার কারণে ওই রোগীকে ভর্তি করা হয়েছিল এবং কি ধরণের চিকিৎসা চলছিল সে বিষয়ে খোঁজ নেয়া হবে।’
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



