মাগুরার চাঞ্চল্যকর ছিনতাই হওয়া ৬০ ব্যারেল ভোজ্য তেলবাহী ট্রাকের ড্রাইভার আব্দুর রহমান হত্যার মামলার প্রধান আসামি হিটলারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে ছিনতাই হওয়া ট্রাক, তেল ও টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেলে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, একটি কুলুলেস হত্যাকাণ্ড অভিযোগের মাত্র একদিনের ব্যবধানে ২৪ মে মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারদের মধ্যে মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে আজাদ হোসেন হিটলার (২৭), জাগলা গ্রামের হাজারী লাল সাহার ছেলে বিকাশ সাহা (৩০), রাজিবের পাড়া গ্রামের ইমারত মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস (৫০) ও বুধইর পাড়ার লোকমান মোল্লার ছেলে হারুন অর রশিদ (৪৮)।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ট্রাক, ৪৫ ব্যারেল তেল এবং তিন লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রাইভার আব্দুর রহমানকে হত্যার কথা স্বীকার করেছে।
গত ১৮ মে রাতে নারায়ণগঞ্জের মেসার্স মহামায়া ট্রেডার্স থেকে ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ট্রাকটি মাগুরা আড়পাড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে ছিনতাইয়ের কবলে পড়ে। ছিনতাইকারীরা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ড্রাইভার আব্দুর রহমানকে হত্যা করে বিভিন্ন স্থানে তেল নামিয়ে খালি ট্রাক এবং তার লাশ ঝিনাইদহের কোলা বাজারের অদূরে ফেলে রাখে। ঝিনাইদহ পুলিশ ২০ মে অর্ধগলিত লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা করে।
গত ২৩ মে মাগুরা পুলিশ সুপারের নিকট এই হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে মহামায়া ট্রেডার্সের মালিক গোপাল সাহা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।



