গফরগাঁওয়ে শিশুকে ধর্ষণে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ফের চেষ্টা

ঘটনার পর ওই যুবক শিশুটিকে হুমকি দেন যে এই কথা কাউকে জানালে বা প্রকাশ করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Mymensingh
গফরগাঁও থানা
গফরগাঁও থানা |ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে আল আমিন (৩৭) নামের এক মুদি দোকানি যুবকের বিরুদ্ধে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অভিযুক্ত যুবক আবারো ধর্ষণচেষ্টা করেন বলে থানায় অভিযোগ করেছেন শিশুটির মা।

শুক্রবার (১৯ জুন) বিকেলে ভুক্তভোগী শিশুর মা গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি মাদরাসার ছাত্রী। গত বছরের ১৯ ডিসেম্বর মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সে অভিযুক্তের দোকানে ১০০ টাকার একটি নোট ভাঙাতে যায়। এ সময় খাবার দেয়ার কথা বলে শিশুটিকে একটি পরিত্যক্ত মাদরাসার টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করেন ওই যুবক। একইসাথে সে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। ঘটনার পর ওই যুবক শিশুটিকে হুমকি দেন যে এই কথা কাউকে জানালে বা প্রকাশ করলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হবে। লোকলজ্জা ও ভয়ে শিশুটি এতদিন বিষয়টি গোপন রাখে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, সর্বশেষ গত বৃহস্পতিবার মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক নির্জন স্থানে শিশুটিকে একা পেয়ে আবারো ধর্ষণের চেষ্টা চালান। এবার শিশুটি কোনোমতে ফসকে বাড়ি ফিরে তার মা-বাবার কাছে পুরো বিষয়টি খুলে বলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত যুবককে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’