প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে সরকার মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক ও চীনসহ বৃহৎ দেশগুলোর সাথে বহুপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। যাতে করে রোহিঙ্গাদের মর্যাদার সাথে টেকসইভাবে প্রত্যাবাসন করা যায়।’
শনিবার (৪ জুলাই) বিকেলে কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে দক্ষিণ এশিয়ান অ্যাকাডেমি ফর ইন্টারন্যাশনাল লিডারশিপের তিন দিনের অ্যাকাডেমি প্রোগ্রামের উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, ‘চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া চীনের প্রেসিডেন্টের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশ ইতিবাচক হিসেবে নিয়েছে। কক্সবাজার দিয়ে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত এই করিডোর কিভাবে করা যায় তা নিয়ে সরকার কাজ করছে। তবে বাংলাদেশের মানুষের জাতীয় স্বার্থের বিরুদ্ধে সরকার কিছুই করবে না।’
তিন দিনের এই অ্যাকাডেমি প্রোগ্রামে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ারসহ বিভিন্ন দেশের জেসিআই সদস্য তরুণ নেতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও বিশিষ্ট অতিথিরা অংশ নিচ্ছেন।



