স্বাস্থ্যসেবায় সঙ্কটের অভিযোগ

গাজীপুরে টিকাদান কর্মসূচি উদ্বোধনের দিনেই হাসপাতালে বিক্ষোভ

শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্যেই গাজীপুরের প্রধান হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে রোগীর স্বজনরা, সামনে আসে সেবার মান নিয়ে গুরুতর অভিযোগ।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে টিকাদান কর্মসূচি উদ্বোধনের দিনেই হাসপাতালে বিক্ষোভ
গাজীপুরে টিকাদান কর্মসূচি উদ্বোধনের দিনেই হাসপাতালে বিক্ষোভ |নয়া দিগন্ত

শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধনের মধ্যেই গাজীপুরের প্রধান হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়ে রোগীর স্বজনরা, সামনে আসে সেবার মান নিয়ে গুরুতর অভিযোগ।

সকালে ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: এম এ মুহিত হাম ও রুবেলা প্রতিরোধে ২৮ হাজার শিশুর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে এবং আন্তর্জাতিক সহযোগিতায় কার্যক্রম আরো জোরদার করা হবে।

দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিমন্ত্রীর পরিদর্শনের সময় ‘সচেতন গাজীপুরবাসী’ ব্যানারে রোগীর স্বজনরা বিক্ষোভ করে গাড়ি থামিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

তাদের অভিযোগে উঠে আসে—চিকিৎসক সময়মতো উপস্থিত না থাকা, চিকিৎসা দেয়ার সক্ষমতা থাকলেও দ্রুত অন্যত্র রেফার করা, অপরিচ্ছন্ন ওয়ার্ড, প্রয়োজনীয় সেবাসামগ্রীর ঘাটতি এবং সার্বিক অব্যবস্থাপনা। তারা পরিচালকের অপসারণের দাবিও জানান।

এছাড়া অভিযোগ করা হয়, সরকারি দল সমর্থিত একটি পেশাজীবি সংগঠনের প্রভাবশালী এক নেতার স্বজনপ্রীতি ও অবৈধ হস্তক্ষেপ হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে।

পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও প্রশাসন ও প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে নেন।

ডা: এম এ মুহিত জানান, অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসক মহলও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর জোর দিয়েছে।

হাসপাতালের পরিচালক ডা: আমিনুল ইসলাম দাবি করেন, ‘হাসপাতালে কোনো সঙ্কট নেই। বিক্ষোভকারীদের আমরা চিনি না, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ কর্মসূচি করেছে।’

তিনি জানান, চলতি বছর হাম আক্রান্ত ৮৯ জন শিশু ভর্তি হয়েছে, বর্তমানে ৪৬ জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, টিকাদান কার্যক্রম জোরদার এবং হাসপাতাল ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হবে।