নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক লন্ডন প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩৮ লাখের বেশি টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠেছে।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্ব দড়িকান্দি এলাকার লন্ডন প্রবাসী হাফিজুর রহমান হিরনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দল হাফিজুর রহমান হিরনকে অস্ত্রের মুখে আটকে রেখে নগদ ২৭ লাখ টাকা, স্বর্ণালংকার ও বিদেশী মুদ্রাসহ ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
হাফিজুর রহমান হিরন বলেন, তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করে আসছেন। গতকাল শুক্রবার তিনি লন্ডন থেকে বাড়িতে ফিরে এসেছেন। রাতে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ১২-১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ির গেটের গ্রিল কেটে, দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা তার হাত-পা বেঁধে অস্ত্রের মুখে তাকে আটকে রেখে নগদ ২৭ লাখ টাকা, বিদেশী মুদ্রা ও স্বর্ণালংকারসহ ৩৮ লাখের বেশি টাকার মালামাল লুট করে। একপর্যায়ে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ বিষয়ে তিনি রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, লন্ডনপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।



