রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জরুরি : বাউবি ভিসি

‘রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত হলে দেশের পরিবেশ, অর্থনীতি, শ্রমবাজার ও সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব বাড়বে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে বাউবি ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান |নয়া দিগন্ত

মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি ও জটিল চ্যালেঞ্জ উল্লেখ করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, ‘রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক ও কূটনৈতিক উদ্যোগ জরুরি।’

বুধবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে স্কুল অব এডুকেশনের উদ্যোগে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক বিশেষ আলোচনা সভা ও চা-চক্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত হলে দেশের পরিবেশ, অর্থনীতি, শ্রমবাজার ও সামাজিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে মানবিক মূল্যবোধ, গবেষণা ও মুক্তচিন্তার বিকাশে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. মো: আলী করিম। তিনি রোহিঙ্গাদের পরিচয়, ইতিহাস, রাষ্ট্রহীনতা, মানবিক সঙ্কট ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. সোয়াইব আহমেদ। শেষে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।