ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মধুমতি নদীতে পরিবারের সাথে ঘুরতে এসে নিখোঁজের দু’দিন পর শিশু তাসমিয়ার (১১) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলের প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ডিগ্রিরচর খেয়াঘাট এলাকায় তার লাশ দেখতে পান স্থানীয়রা।
নিহত তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের মো: জিন্নাহের মেয়ে।
জানা যায়, ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে শিশু তাসমিয়া। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মধুমতি নদীতে পরিবারের সাথে ঘুরতে যায় সে। দু’টি ট্রলারে ঘুরতে বের হয় তাসমিয়ার পরিবার। নদীচরে ছবি তোলাসহ ঈদ আনন্দে মেতে উঠে তারা।
একপর্যায়ে নদী পাড়ে এসে পরিবারের সদস্যরা তাসমিয়াকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও তাৎক্ষণিক তাসমিয়াকে শনাক্ত করতে পারেননি। অবশেষে শনিবার সকালে নদীতে তার লাশ ভেসে উঠে। এ ঘটনায় তাসমিয়ার পরিবারসহ নানাবাড়িতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত তাসমিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



