বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার করা মাদক ও পণ্যগুলো হলো- দেশী মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, টর্চ লাইট, পান মসলা, তামাক, জর্দা, ট্রান্সমিটার ইকুইপমেন্ট, ফায়ার ইকুইপমেন্ট, কারেন্ট জাল, জিরা, সিগারেট, চকলেট, বিভিন্ন প্রকার ওষুধ, কসমেটিক্স সামগ্রী এবং একটি সিএনজি।
সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘সোমবার (১৯ মে) রাতে আমড়াখালী চেকপোস্ট সীমান্ত, হিজলী বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করা হয় বলে জানান তিনি।‘
তিনি আরো বলেন, ‘উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি সাত লাখ ৪২ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেয়া হবে।‘
এছাড়া, সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সূত্র : ইউএনবি



